Sunday, March 31, 2019

আকাশে আগুন

(প্রথমেই বলে নিচ্ছি, এটি একটি দীর্ঘ পোস্ট। বনানীর এফ আর টাওয়ারের অগ্নি দূর্ঘটনার পর প্রায় ৩ দিন চলে গিয়েছে, কিন্তু এখনো আমি সেই শক থেকে পূরোপুরি মুক্ত নয়। প্রায় আমার চোখের সাম্নেই ঘটনাগুলো ঘটছিল। চেয়েছিলাম সেদিনই লিখে রাখতে, কিন্ত খুব কষ্ট হচ্ছিল লিখতে।)

আজকে দিনটি একটু অন্যরকম ছিল। অবশ্য বৃহস্পতিবারগুলো সব সময়ই একটু ভিন্ন ধরণের হয়। একটা ভালো লাগার আমেজ নিয়ে দিন শুরু হয়। কারণ আর কিছুই না, পরের দুই দিন অফিস থাকবে না, এটাই ভালো লাগার একটা আবেশ এনে দেয়।

এ সপ্তাহে আবার মেয়ের স্কুলও বন্ধ, তাই সকাল সাতটায় বাসা থেকে বের হবার তাড়া নেই। ৮টায় বের হলে ৯টার মধ্যে অফিসে প্রবেশ করা যায়, আজ আলসেমি করতে করতে ৮ঃ২৭ বাজলো বাসা থেকে। কিন্তু কোন এক বিচিত্র কারণে খুব বেশি দেরী হলো না।৯ঃ০৯ এ অফিসে ঢুকতে পারলাম। শুরু করলাম কর্মদিবস।

কাজ প্রসঙ্গে হঠাত এক কলিগ হঠাত বলে উঠলেন "আপ্নারা কি আমাকে শান্তি দিবেন না?"

আমি আমার স্বভাবসূলভ সারকাস্টিক টোনে বলে ফেললাম "শান্তি আছে একমাত্র মাটির নিচে"। কেউ কেউ হেসে উঠলো, আবার কেউ কেউ বেশ গম্ভীর হয়ে গেলো। যার উদ্দেশ্যে বললাম, সে রীতিমত খেপেই গেলো

আসলে জীবন মৃত্যু নিয়ে রসিকতা করা উচিৎ না। কিন্তু আমি নিজেকে সংবরণ করতে পারি না অনেক সময়। তখনো বুঝি নাই যে আর কয়েক ঘন্টার মধ্যেই আমাদের জন্য অপেক্ষা করছে মৃত্যুর সাথে কোলাকুলি।

অন্যান্য দিন আমরা লাঞ্চ করি ১টা বা ২টায়। আমাদের অফিসে সব এমপ্লয়িদের জন্য লাঞ্চের ব্যবস্থা থাকে। বাইরের একটি কেটারিং সার্ভিস থেকে খাবার আসে। সাধারণত ১টার দিকেই খাবার আসে।

খবর পেলাম আজ ১২ঃ২০ এই লাঞ্চ চলে এসেছে। নতুন মেনু। ফ্রাইড রাইস, চিকেন আর চায়নিজ ভেজিটেবল। কি মনে করে আমরা সবাই ১২ঃ৩০ এ চলে গেলাম লাঞ্চ করতে। ১০ মিনিটও লাগলো না খেয়ে শেষ করতে। এরপর রেগুলার রুটিন অনুযায়ী আমরা তিনজন ছাদে উঠলাম । উনারা সিগারেটে মন দিলেন, আর আমি অতীব জরুরী কিছু ফোন কল করার উদ্দেশ্যে ছাদের তূলনামূলক ভাবে নির্জন অংশের দিকে ধাবমান হলাম।

ফোনে কথা বলতে বলতে হঠাত শুনলাম অনেক শব্দ। সাইরেন আর হর্ণ এর। সাথে মানুষের চিৎকার। ফোন রেখে চারপাশে তাকিয়ে দেখলাম কেউ নেই আশেপাশে। ছাদের অন্য মাথায় গিয়ে দেখি নিচে অগুনতি মানুষ আর মানুষ, আর কালো ধোয়ায় পুরো এলাকা ভরে গিয়েছে। নিশ্চিত হলাম যে আমাদের বিল্ডিং এ নয়, আশে পাশে অন্য কোন বিল্ডিং এ সম্ভবত আগুন লেগেছে।

আমার অফিস ছাদের এক ফ্লোর নিচেই। দীর্ঘদিনের অভ্যাস বশত প্যানিক না করে ঠান্ডা মাথায় নিচে গেলাম। গিয়ে দেখি সব আলো নেভানো, লিফট ও বন্ধ। একবার ভাবলাম ভেতরে গিয়ে ব্যাগ নিয়ে আসি। পরে চিন্তা করলাম যে ব্যাগ সহ নিচে নামলে বাকি কলিগরা, বিশেষ করে বস রা ভাববে আমি ভেজে যাওয়ার তালে আছি। তাই ব্যাগ ছাড়াই হেটে হেটে নিচে নামলাম।

আস্তে আস্তে, মাথা ঠান্ডা রেখে নামছিলাম। প্যানিক করে দৌড় দেই নাই। পুরো সিড়ি খালি ছিলো। কোন ফ্লোরেই কোন মানুষ দেখলাম না। আলো কম থাকায় ভুতুড়ে একটা পরিবেশ তৈরি হয়েছিল। বাইরে তখনো মানুষের চিৎকার আর সাইরেন এর জোরালো শব্দ বেজেই যাচ্ছে।

যখন নবম ফ্লোর পর্যন্ত নেমেছি, তখন এক বন্ধু ফোন করলো। আমি ঠিক আছি নাকি জানতে চাইলো। আমি বললাম যে হ্যা, আগুন সম্ভবত পাশের কোন বিল্ডিং এ লেগেছে, আমাদের এখানে নয়। তবে আমি বিল্ডিং থেকে বের হয়ে যাচ্ছি। সে আশ্বস্ত হয়ে ফোন রেখে দিলো।

এক সময় দীর্ঘ পদ যাত্রা শেষ হলো। নিচের ফ্লোরে পৌছুলাম। গেটের সামনে গিয়ে দেখি গেট বাইরে থেকে তালা দেয়া। আরেকবার প্যানিক আক্রান্ত হতে হতেও হলাম না। সামনে দাঁড়িয়ে থাকা একজন কে বললাম গেট খুলে দেয়ার জন্য। সে খানিকক্ষন আমার দিকে হা করে তাকিয়ে রইলো। তারপর আরেকজন কে ডেকে আনলো তালা খুলার জন্য। সিকিউরিটি গার্ড।

"স্যার আপনি এতক্ষন উপরে কি করছিলেন?"
"টের পাই নাই, ফোনে ছিলাম"
"এইটা একটা কাজ করসেন! তাড়াতাড়ি বাইরে আসেন"।


বাইরে বের হয়ে দেখলাম বেশ নারকীয় পরিবেশ। অনেক মানুষ দাঁড়িয়ে রাস্তায়। সবার চোখে মুখে উৎকণ্ঠার ছাপ।

আমার অফিসের ঠিক একটা বিল্ডিং পরেই একটা ২২ তলার বহুতল ভবন। নাম এফ আর টাওয়ার। সেই টাওয়ারের উপরের দিকের কয়েকটা ফ্লোরে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস এর ছোট একটা ট্রাক এসে পৌছেছে। সেটা দিয়ে মই উপরে ওঠানোর বৃথা চেষ্টা দেখলাম। অর্ধেক দূরত্বেও পৌছুলো না হোস পাইপ কিংবা মই।

দেখলাম কিছু মানুষ আগুনের তাপ সহ্য করতে না পেরে লাফিয়ে পড়লো। তারা কেউই বাচেনি।

কিছুক্ষণ পর ইলেক্ট্রিকের তার বেয়ে কয়েকজন নামার চেষ্টা করলো। একজন সফলও হলেন। সবাই জোরে জোরে আলহামদুলিল্লাহ বলে আর হাততালি দিয়ে উল্লাস প্রকাশ করলো।

এরপর একজন বেশ ধীরে ধীরে নামছিলেন। হঠাত পা ফস্কে পড়ে গেলেন। আমার দৃষ্টি সিমানার মধ্যে নিচের ফ্লোর ছিল না। তাই পড়ে যাওয়ার পরের নিয়তি দেখার দুর্ভাগ্য হয়নি আমার।

পরে শুনেছি তার মাথা ফেটে গিয়ে মারা গিয়েছেন।

এরপর বেশ কিছুক্ষণ কাউকে দেখলাম না। এরপর একজন বলিষ্ঠ এবং আত্মবিশ্বাসী মানুষকে দেখলাম নামার চেষ্টা করছেন, একই ভাবে। উনার পরনে ছিল নীল জিন্স এবং সুন্দর চেক চেক শার্ট। জানি না এই অবস্থায় কিভাবে আমার পোষাকের দিকে নজর গেলো। উনি বেশ লম্বা ছিলেন, হয়তো আমার মতই হবেন।

বেশ আত্মবিশ্বাসের সাথে তরতর করে নেমে গেলেন দুই তিন ফ্লোর। এরপর একটু বিরতি নিয়ে আবার। আর হয়তো এক দফা বেয়ে নামলেই নিচে পৌছে যেতেন। হঠাত শরীরের ভারসাম্য রাখতে পারলেন না। দড়ি থেকে পা ফস্কে একটা লাফ দিলেন। অনেক জোরে শব্দ হলো, আশে পাশের অসংখ্য মানুষের আহাজারি। অনেকে কেদে উঠলেন জোরে। অনেকে জোরে জোরে দোয়া পড়ছিলেন। অনেকে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। আমার চোখের পানি ধরে রাখতে অনেক কষ্ট হচ্ছিল।

লোকটা এত সুন্দর ভাবে নেমে আসছিল। কেন পারলো না শেষ অংশটা পার হতে? এই দুঃখ সারা জীবন তাড়া করে বেড়াবে আমাকে।

এরপর দেখি হাত পা আর চলছে না। চোখের দৃষ্টি আচ্ছন্ন হয়ে আসছে। ওখানে আমার দুইজন কলিগ ছিলেন। তারা বললেন "চলেন এখান থেকে সরে যাই"। এ সময় দেখলাম ফায়ার সার্ভিস এর বড় ট্রাকটি এসে পৌছুলো। ততক্ষনে ৮-১০ জন মারা গিয়েছে।

সারা গা ঘামছিলো। মাথা আর ঘাড়ে প্রচন্ড ব্যথা। বিপদ্গ্রস্থদের জন্য কিছুই করতে না পারা এক নিস্ফল আহাজারি।

আমরা রাস্তার ওপর পাশে অবস্থিত নর্থ এন্ড কফি রোস্টারস এ চলে এলাম। এখান থেকে এফ আর টাওয়ারের সাম্নের অংশ দেখা যাচ্ছিল। এদিকে আগুনের তেজ আরো অনেক বেশি। কফির দোকানে বসে কিছুক্ষন এসির বাতাস খেয়ে নিজেকে সুস্থির করার চেষ্টা করলাম। যেহেতু এ দোকানে আগেও অনেকবার এসেছি, তাই কিছু অর্ডার না দেয়া স্বত্তেও দোকানের স্টাফরা কিছু বলছিলো না।

একটু পরে আবার বাইরে গেলাম। এখানেও অসংখ্য উদ্বিগ্ন মানুষ দেখলাম। একজন আরেকজন কে বলছে ঃ

"তুমি বাসায় যাও না কেন?"
"এই মানুষ গুলারে রেখে কিভাবে যাই?
"তুমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ওদের কে কিভাবে সাহায্য করবে?"
"আরে ওদের জন্য দোয়া করলেও যদি আল্লাহ ওদেরকে বাচায় দেয়! না, আমি পারবো না যেতে এখন"


এরকম মানুষের পাশাপাশি প্রচুর মজা নেয়ার মানুষ ও ছিল রাস্তায়। ওরা মোবাইলে ভিডিও করছিল, ফেসবুকে লাইভ দিচ্ছিল, ফোনে জোরে জোরে কথা বলছিল; আর দুই একজন কে দেখলাম ভিডিও কল ও দিচ্ছে মানুষ কে।

এ সময় হঠাত দেখা গেল কালো মত একটা জিনিস গড়ায় গড়ায় এফ আর টাওয়ারের এপাশের জানালার দিকে এগিয়ে আসছে। মানে যেখানে আগে জানালা ছিল, সেখানে। সেই কালো জিনিসটা নিচে পড়ে গেল, আর আমি অনুধাবন করলাম সেটি একটি পুড়ে কয়লা হয়ে যাওয়া লাশ।

এবারের আহাজারির শব্দ হয়তো মহাশুন্য পর্যন্ত চলে গিয়েছিল।

আমি অসুস্থ বোধ করলাম। শুনেছি আগুনে পুড়ে মরা হচ্ছে সবচেয়ে কষ্টকর মৃত্যুগুলোর মদ্ধ্যে একটা, কারণ মানুষ টের পায় তার শরীরের চামড়া পুড়ছে, একে একে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর পুড়ে যাওয়াও বেশিরভাগ মানুষ টের পায়। একদম সারা শরীর জ্বলে পুড়ে খাক হয়ে যাওয়ার আগে কেউ জ্ঞান হারায় না--পুরো কষ্টটা সাথে নিয়েই সে ওপারে গমন করে।

এ জন্যেই হয়তো দোজখে গেলে মানুষকে আগুনে পোড়ানো হবে। যাতে শাস্তিতা ঠিক মত পায়। আমি ভাবি গরম পাতিলে হাত লাগলেই লাফ দিয়ে উঠি, বাল্বের উপর আঙ্গুল লাগলে কষ্ট পাই--আগুনে পুড়ে মরাটা না জানি কত কষ্টের। যত ভাবি, ততই খারাপ লাগে, কষ্ট পাই।

আর এইসব দুর্মূখ গুলো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল।

কবে আমরা মানুষ হব? কবে আমাদের দেশে শান্তি আসবে? কবে বন্ধ হবে এসব মৃত্যু?

এসব প্রশ্নের কোন উত্তর হয়তো পাব না আমার জীবদ্দশায়। কিন্তু ভাবতে ভালো লাগে যে একদিন হয়তো বাংলাদেশ খুব উন্নত কোন দেশ হবে, ঢাকা শহর হবে একটি মডেল শহর, আর আল্লাহ আমাদের দেশের মানুষ গুলো কে কমন সেন্স ও শিক্ষিত হয়ে ওঠার ক্ষমতা দিবেন।

মনটা আর কখনোই ভালো হবে না হয়তো।

#ishtiaq_radical





Monday, November 12, 2018

কালো দিনের কাব্য

সকালে ঘুম ভেংগে গেলো ওর; অন্য যেকোন দিনের মত। ঘুমানোর আগে সারা ঘরে এরোসল স্প্রে করে মশা তাড়িয়েছিল। তাও লক্ষ্য করলো কাঁথার এক কোণায় লালচে রঙ। অর্থাৎ যাবতীয় ব্যবস্থা নেয়া স্বত্তেও মশককূলের দংশনের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারেনি ও। স্বগোক্তি করে উঠলো ও

"আরে বেটা, তুমি নিজেকে মশার হাত থেকেই রক্ষা করতে পারো না, দুনিয়ার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে?"।
জানালার পর্দা সরিয়ে দিল সে দু'হাতে। বাইরে তাকালো খোলা আকাশ দেখার আশায়। কিন্তু সে আশা নিমিষেই নিরাশায় পরিণত হল। কংক্রিট আর ইট পাথরের স্থাপনা ছাড়া কিছুই চোখে পড়লো না।

দাদী যখন টিনের চালের এক তলা বাড়ীটি তুলেছিলেন এখানে, তখন আশে পাশে ত্রিসিমানায় আর কোন স্থাপনা ছিল না। দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর গেল, আর আশে পাশে উঠে গেল বড় বড় বিল্ডিং। যুগের সাথে তাল মেলাতে টিনের চালের বাড়িও উন্নত তিন তলার কংক্রিটের স্থাপনায় রুপান্তরিত হল একসময়। কিন্তু পাশের বাড়ি বেরসিক এর মত খোলা আকাশ কে ঢেকে দিল। 

ঘরে আলো নেই বললেই চলে। কোন মতে চশমা খানা নাকের ওপর বসিয়ে ঘর থেকে বের হল সে। বারান্দা খানা খুজতে গিয়ে মনে পড়লো, মনুষ্যপ্রজাতির চাহিদার কোন অন্ত নেই। বাড়তি একখানা কাপড়ের আলমারী কে স্থান দিতে গিয়ে বারান্দার দেয়াল গুলো কিছুদিন আগেই উড়িয়ে দেয়া হয়েছে। এখন পুরোটাই "রুম"।

তবে জানালা রয়েছে। জানালা তো জেলখানাতেও থাকে, অফিসের ডেস্কের পাশেও কদাচ খুঁজে পাওয়া যায় কপাল ভালো থাকলে। শুধু মাত্র ভয়ানক খারাপ অপরাধীদের কে বন্দী করে রাখা কয়েদখানায় জানালা থাকে না।

বাইরে ঘোর অন্ধকার। মনে হচ্ছে যেন সন্ধ্যে বেলা। শো শো করে বাতাস বইছে।ঘড়ির কাটার রেডিয়াম আলো জানান দিল যে দুপুর বারোটা বাজে!

হায়, ভোর বেলায় ওঠার কথা ছিল আজ। সে জায়গায় এত বেলা হয়ে গিয়েছে, আর সাথে আকাশের এই অবস্থা। হঠাত এক দমকা হাওয়া ধাক্কা দিয়ে ওকে ঠেলে দিল পেছন দিকে।

"এমন দিনে কি কেউ বাসা থেকে বের হয়?"। কালো আকাশ, জোরালো বাতাস--যেকোন মূহুর্তে নামবে ঝড় আর বৃষ্টি। ভাবতে ভাবতেই শুরু হয়ে গেল বহুল প্রত্যাশিত বৃষ্টি। বছরের প্রথম, মৌসুমের প্রথম, কৃষকের মুখে হাসি ফোটানো বেহেশতী ঝড়নাধারা।

মনে হচ্ছে কেউ চাবুক দিয়ে পেটাচ্ছে মাটিতে। প্রতিটি আঘাতের সাথে সাথে নেমে আসছে বড় বড় বৃষ্টির ফোটা। পিঠের নগ্ন চামড়ায় চাবুকের তীব্র কষাঘাতের মতই জোরালো শব্দ হচ্ছে। মনে হচ্ছে যেন শিলা বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রথম বর্ষার বৃষ্টির ফোটা বরফ পিন্ডের চেয়েও তেজস্বী।

এরকম দিনগুলোতে আশির দশকে শান্তিনগরের সকল শিক্ষকগণ তাদের ছাত্রদের স্বয়ংক্রিয় ছুটি দিয়ে দিতেন, কারণ বৃষ্টি কে যদিও ভুলে কেউ পরাভূত করতে পারতো, কিন্তু পুরো এলাকায় জমে থাকা বণ্যা সদৃশ জলাশয় পার হয়ে কেউ সুস্থ্য অবস্থায় গুরুদের কাছে পৌছুতে পারতো না।

এরকমই এক সন্ধ্যায় ও অসম্ভব কে সম্ভব করে গণিত স্যার এর বাসায় পৌছে গিয়েছিল, অর্ধভেজা অবস্থায়। স্যার ওকে দেখে বলেছিলেন, বাছা, তোমার অনেক সাহস আর অধ্যবসায়। এবার বীরদর্পে ফিরে যাও বাসায়। আজ আর ক্লাশ হবে না। ফেরার পথে আর রিকশা না পেয়ে পুরোটা পথ নির্বিকার চিত্তে, ভিজতে ভিজতে ফিরে গিয়েছিল ও।

ব্যাপারটা বেশ মজার ছিল। সেদিন ছিল রবিবার। সময় আনুমানিক সন্ধ্যা ছয়টা।

ঝড়ো হাওয়া আর বৃষ্টির বড় বড় ফোটার হাত থেকে বাচতে সবাই বিভিন্ন স্থাপনার নিচে অবস্থান নিয়েছে, আর যাদের উপায় নেই, তারা ছাতা মাথায়, বড় বড় পা ফেলে এগিয়ে যাচ্ছে। কয়েকজন কে দৌড়ুতেও দেখা যাচ্ছিল। এসব কর্মকান্ডের মাঝে একজন লম্বা মানুষ ধীরে ধীরে, গুন গুন করে এক অচেনা বিদেশী সংগীত এর সুর ভাজতে ভাজতে এগিয়ে যাচ্ছে -- এ দৃশ্য কাউকেই খুশী করতে পারছিল না। কিন্তু তাতে এ গল্পের নায়কের কোন বিকার ছিল না। সে তার লম্বা লম্বা হাতের আংগুল দিয়ে প্রতিটি ফোটাকে ছুঁয়ে ছুঁয়ে দেখছিল আর আবেগিত হচ্ছিল। আবগিত বলে আসলে কোন শব্দ নেই, কিন্তু পাঠক বুঝলেই যথেষ্ঠ; কখনো কখনো।

বর্তমানের রুঢ় চপেটাঘাত! বারোটা হোক আর তেরোটা, বাসা থেকে বের হতে তো হবেই। ড্রাইভার গাড়ী নিয়ে অপেক্ষা করছে সেই সকাল থেকেই। তার সাথে আছে রেইন কোট আর ছাতা; স্যার যাতে না ভিজে, সেটা নিশ্চিত করতে আগেই বাসার একেবারে সামনে পার্ক করে রেখেছে সে গাড়ী।

স্যার মাথা থেকে বৃষ্টি, কালো মেঘ আর এ জাতীয় সকল বাজে বিষয়বস্তু দূর করে দ্রুত রেডি হয়ে গেলেন। পাঁচ মিনিট লাগলো হঠাত জেগে ওঠা মনুষ্যত্বের ভুতটাকে ভাগাতে। "সুইচ অফ" করে ইমেইল, সোশ্যাল মিডিয়া আর টাকা পয়সার যাঁতাকলে ঢুকে গেলো সে।

ওর মতই আরেকজন ছিল এই শহরেই। সেও কালো দিন ভালোবাসতো। সেও বৃষ্টিতে ভিজতো কোন কারণ ছাড়াই। তার প্রোফাইলটা এখনো খুলে দেখে ও প্রায়ই। "remembering" লেখাটা দেখেই শুধু রিমেম্বার করে। তখন আবার মনুষ্যত্বের ভুতটা ছটফট করে ওঠে। কিন্তু দায়িত্ব, কর্তব্য, অর্থ, বিত্ত, সোশ্যাল লাইফ এর ভুতগুলোর শক্তি অনেক বেশি।

পাঁচ মিনিটেই ওরা সবাই মিলে এই বেয়াড়া ভুত কে কুংফু ক্যরাটে টাই কোয়ান্দো জুজিতসু সহকারে বিদায় করে দেয়। ও ফিরে যায় যান্ত্রিক জীবনে।

কালো দিন এক সময় কালো রাত হয়ে যায়।

Thursday, November 08, 2018

The Coconut Man

he CoCoNuT MaN

Oh do you know the coconut man
The coconut man, the coconut man?

There is a tree at a cross section. It is rumored that green coconuts are borne from that tree, which ripens in to matured ones in due course.


Sometimes coconuts fall upon unsuspecting pedestrians. So beware! Lo and behold! Hold your horses whilst crossing a coconut tree. For all good it is to you, it's better not to cross them trees at all. After all, they contain "green" coconuts, which grows on to ripe ones, and from which we can extract hair oil, and apply oil on to an already oily head.

No matter how many days, years or decades pass by, no matter how much good, bad and ugly walks by the crossroad, the legend of the coconut man lives by. He rubs his ring and gets the strength of ten coconuts, e.g. the yield is as much as 10 heavy duty coconuts thrown on to the bad man's mouth.

The coconut man is a creature who
comes out at night, and why?
He likes the air, he likes to scare
the nervous passer-by!

Among the wildest of stories that behest his presence, one is said about a zoo bare animal. I mean, an animal that lives in the zoo, bare footed and sans cloths; and pecks at any unsuspecting visitor who dares to lay a finger on to the cage that enslaves him. There's A nother War elephant in the zoo, which has been encased by walls put up by his own self years ago. He roars, moans, growls, beckons and bellows,bares his yellow teeth, but the leaning tower stays static and nothing really happens.

No matter how many wild animal roams the face of the earth, everyone hates the coconut man. Because he likes to scare the nervous passer by his mere presence.

Oh my, oh my!

Letter from A Fan

প্রিয়তমেষু,

জানো কি হয়েছে গতকাল রাতে? বিবেক এসেছিল বেড়াতে!

অনেক্ষণ কড়া নেড়েও আমাকে ঘুম থেকে ওঠাতে পারলো না। বিবেকহীন মানুষ হিসেবেই আরেকটা রাত পার করলাম।

বেদনায় নীল হয়ে রাত ঘুম কে অনেক্ষণ ঠেকিয়ে রেখেছিলাম। তারপর এক পর্যায়ে নীল বেদনার কাছে আত্নসমর্পণ করে ঘুমন্ত শহরের অংশ হয়ে গেলাম। সকালে হকারের পেপার পেপার ডাকে ঘুম থেকে উঠলাম--কোন শহরে, তাতো জানোই। না, একাকী কোন ভিন্ন শহরে নয়, সেই পুরনো ঘুম ভাংগা শহরেই জেগে উঠলাম।আমার রিটায়ার্ড ফাদার এর সাথে নাস্তাও করলাম।

কষ্ট পেতে ভালবাসি, তাই ফ্রিজ থেকে আবার বের করলাম প্রায় শুন্য বোতলটি। চাঁদ মামা হেসে তাকিয়ে রইলো আমার দিকে, আর আমি শুন্যতায় ডুবে যেতে যেতে উপলদ্ধি করলাম যে আমাকে তুমি কোন ভাবেই ফিরিয়ে নিবে না। তুমি এখন পুরোপুরি বোঝ যে তোমাকে ছাড়া আমি অসহায়। আমার শেষ চিঠিতে ব্যাপারটা জানিয়ে দেয়াটাই কাল হয়েছে।

তুমি শুধু হাসিটার জন্যেই এসেছিলে, নীরবতা কে আস্বাদন করার কোন ইচ্ছে তোমার কখনোই ছিল না।দিশেহারা এই হৃদয় আমার শুধু কষ্টই পেল সারা জীবন। রুপালী গিটার টা আছাড় দিয়ে ভেঙ্গে ফেলা থেকে শুরু করে ঘন্টার পর ঘন্টা দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা--আর সহ্য হয় না।

আমি পালাতে চাই তোমার কাছ থেকে আরো দূরে।

ইতি
একজন ভক্ত।

Monday, October 29, 2018

I Get Along Very Well

https://youtu.be/l88m22K_RC4

বলা হয়ে থাকে যে প্রতিদিন পৃথিবীতে যত গান লেখা হয় তার নব্বুই ভাগই প্রেম ভালবাসা সংক্রান্ত। একটা সময় ছিল, যখন প্রেমের গান শোনাকে দূর্বলতা ভাবতাম। কেউ রিচার্ড মার্ক্স কিংবা এলটন জন এর "প্যানপ্যানানি" ভালবাসে জানলে তাকে নিয়ে ঠাট্টা তামাশা করতেও ছাড়তাম না। কিন্তু কিছুদিন পরে টের পেলাম যে মেটালিকা, আইরন মেইডেন ও প্রেম ভালবাসা নিয়ে গান গায়।

মানুষের জীবনে খাওয়া দাওয়া ঘুম যেরকম চিরন্তন সত্য, সেরকম ভালবাসা, প্রেম, যৌনতা, এসব ব্যাপারকেও অগ্রাহ্য করা যায় না, এবং একারণেই বিখ্যাত অনেক গানে এই বিষয়গুলোর অবতারণা করেছেন  গায়ক, গীতিকার ও লেখকগণ। প্রিয় কবি রানা ব্যাপারটা কে আরেক ধাপ এগিয়ে নিয়ে বলেছেন, "অশ্লীলতা ছাড়া তো কেউ পয়দাই হইতো না"।

সে যাই হোক, প্রেম ভালবাসা যেমন সত্য, ব্রেকআপ আর স্বপ্নভংগও সেরকমই দৈনন্দিন ঘটনা। সবার জীবনেও কখনো না কখনো এরকম সময় এসেছে। আমি যেদিন জানলাম জুহি চাওলা আমার চেয়ে বয়সে প্রায় ২০ বছরের বড়, সেদিন যেই কষ্টটা লেগেছিল, তা আর বলার নয়...

যাই হোক, আগেও আমার কিছু লেখায় পেট শপ বয়েজ ব্যান্ড এর নাম উল্লেখ করেছি। ওরা আমার খুব প্রিয় কোন ব্যান্ড নয়, কিন্তু কেন জানি তাদের গানের লিরিক্স গুলো খুব ভাল লাগে, হৃদয় ছুঁয়ে যায়।

I Get Along হচ্ছে সেরকমই একটি স্বয়ংসম্পূর্ণ ব্রেকআপ সং। গানটি শুনতে শুনতে গায়কের সাথে আপনি একটা ছোট খাট সিনেমা দেখে ফেলবেন কল্পনায়। গানের মূল উপজীব্য হচ্ছে "আমি বেশ ভালই আছি, তোমাকে ছাড়া"। আশা করি গানটি ভাল লাগবে। ইচ্ছে আছে কোন একদিন নিজে গাওয়ার।

পাঠক/শ্রোতার সুবিধার্থে নিচে লিরিক্স দিয়ে দিলামঃ

Feeling like I'm stuck in a hole
Body and soul
While you're out of control
Now I know why you had to go
Well I think we both know
Why it had to be so
I've been trying not to cry
When I'm in the public eye
Stuck here with the shame
And taking
My share of the blame
While making
Sudden plans that don't include you
I get along, get along
Without you very well
I get along very well
Now I know you'd much rather be
With rock royalty
Instead of someone like me
The big boys are back and we need them, you said
Think it was something you'd read
And it stuck in your head
Even though I don't suppose
That's as far as it goes
You've go quite an appetite
For being wronged and in the right
Well from now on it won't affect me
I get along, get along
Without you very well
I get along very well
The morning after the night before
I'd been alerted
To your lies
I phoned you up
Your calls were all diverted
Took a long time to track you down
Even then you were defiant
It's not what you think it is, you said
And proceeded to deny it
So I lost my patience at last
And it happened so fast
You belong in the past
I've been trying not to cry
When I'm in the public eye
Stuck here with the shame
And taking
My share of the blame
While making
Sudden plans that don't include you
I get along, get along
Without you very well
I get along very well

#ishtiaq_radical
#aboutmusic


Friday, October 26, 2018

ট্রিবিউট টু এবি

উনার সাথে প্রথম দেখা ২০০০ সালে। এর আগেও উনার শো দেখেছি, কিন্তু একদম কাছে থেকে দেখার সুযোগ এর আগে পাইনি। আমার তৎকালীন শিক্ষা প্রতিষ্ঠানের একটি রেওয়াজ ছিল যে নতুন ব্যাচ ভর্তি হলে বিসিআইসি ভবনের অডিটোরিয়ামে একটা ঘরোয়া কনসার্ট এর মাধ্যমে তাদেরকে বরণ করে নেয়া। এই শো গুলো অন্য ব্যান্ড কনসার্ট এর মত হোত না কখনোই। ব্যান্ড অনেক আয়েশী আমেজে থাকতো আর খুবই বন্ধুত্বপূর্ণ পরিবেশে তারা পারফর্ম করতো।

প্রতি বছরই এই শো হোত, এবং বরাবরের মত সেবারও পছন্দের ব্যান্ড ছিল এলআরবি। শুনেছিলাম শো ৭টা থেকে শুরু হলেও ব্যান্ড সদস্যগণ আরো অনেক আগেই চলে আসবে ভেনুতে--প্র্যাক্টিস এবং জ্যামিং করার জন্য। বাচ্চু ভাইকে একদম সামনে থেকে দেখতে পাওয়ার অতি আগ্রহে আমি আর আমার কিছু বন্ধু বেলা ৩টায় চলে গেলাম ভেনুতে। পৌছুনোর কিছুক্ষণ পরেই শুনলাম ব্যান্ড এসেছে। বাচ্চু ভাই ও অন্যরা ব্যাকস্টেজে তাদের বাদ্যযন্ত্র সহ চলে গেলেন।

ব্যাকস্টেজ এরিয়াতে সাধারণত ভলান্টিয়ার কিংবা ব্যান্ড এর সদস্য, ম্যানেজার ও অন্যান্য স্টাফ ছাড়া কারও প্রবেশাধিকার নেই। আমি সামান্য বুদ্ধি খরচ করে একটি ভলান্টিয়ার ব্যাজ জোগাড় করলাম। কিছুক্ষণ পর সাহস করে ঢুকে পড়লাম সেখানে।

লক্ষ্য করলাম বাচ্চু ভাই তার তখনকার ট্রেডমার্ক টুপি পড়ে আছেন। উনি উনার ব্যান্ড কে নিয়ে একটা লম্বা টেবিলের চারপাশ ঘিরে বসে রয়েছেন। জমেছে জম্পেশ আড্ডা, আর সাথে রয়েছে চিকেন ব্রোস্ট। সে আমলে হেলভেশিয়া ও কলাবাগানের "মিল ইন আ বক্স" ছাড়া আর কোথাও চিকেন ব্রোস্ট পাওয়া যেত না। সেই নির্দ্রিষ্ট ব্রোস্ট এর প্যাকেটখানা কোথা হতে আনা হয়েছিল তার আর আজ মনে নেই, কিন্তু বাচ্চু ভাই এর টেবিল মাতানো আড্ডার কথা ভুলিনি।উনি একটি মজার গল্প বলছিলেন আর সবাই হাসছিল তার কথা শুনে।

হঠাত টের পেলাম রুমে পিনপতন নিরবতা। আমি সম্ভবত ম্যানেকুইন স্ট্যাচুর মত দাঁড়িয়ে ছিলাম বেশ কিছুক্ষণ। খেয়াল করলাম বাচ্চু ভাই আমার দিকে তাকিয়ে কি জানি বলছেন। ১৯ বছরের আমি ব্যাপারটা বিশ্বাস করতে পারছিলাম না যে উনি আমাকে বলছেন "কিছু বলবেন ভাই?"।

আসলে আমার ইচ্ছা করছিল উনার সাথে এক্টূ কথা বলতে। জিজ্ঞেস করতে চেয়েছিলাম উনার ডায়ার স্ট্রেইটস, ডিপ পার্পল আর আয়রন মেইডেন কেমন লাগে। কোন ইংরেজী গান রিকুয়েস্ট করলে কি বাজাবেন নাকি? কিন্তু আমি "সরি" বলে ভেগে যাওয়া ছাড়া কিছুই করতে পারলাম না।

অডিটোরিয়ামে গিয়ে আসন গ্রহণ করলাম বন্ধুদের সাথে। ওদেরকে আর বললাম না আমার অভিজ্ঞতার কথা। একটু পরে দেখলাম এলআরবি এসে স্টেজে উঠলো। কিছুক্ষণ পর বেজে উঠলো ডায়ার স্ট্রেইটস এর "Wild West End" গানটার গিটার সলো। বাচ্চু ভাই একাই বাজালেন কিছুক্ষন, তারপর বাকি ব্যান্ড উনার সাথে যোগ দিল। গানেরও দুই এক লাইন গাইলেন। তখনো হল খালি। শো শুরু হয় নি। চলছিল সাউন্ড টেস্ট আর জ্যামিং।

তিনি একে একে গেয়ে ও বাজিয়ে গেলেন স্মোক অন দ্যা ওয়াটার, কমফর্টেব্লি নাম্ব, ওয়েলকাম টু দ্যা জাংগেল, সুলতান্স অফ সুইং, উইদ অর উইদাউট ইউ সহ আরো অনেক বিখ্যাত ইংরেজী গানের অংশবিশেষ।
বাচ্চু ভাই যে কত বড় মাপের একজন গিটারিস্ট, সেটা সেদিন খুব ভাল ভাবে অনুধাবন করেছিলাম। অবলিলায় উনি হয়ে যাচ্ছিলেন মার্ক নফলার, ডেভিড গিলমোর, স্ল্যাশ এবং আরো অনেকে। এল আর বি ব্যান্ড প্রায় কখনোই কনসার্টে কাভার সং করতো না, কিন্তু এ ধরণের ঘরোয়া শো গুলোতে ব্যাপারটা ভিন্ন ছিল।
ঠিক ৭টায় শো শুরু হল। শুরুতেই বাচ্চু ভাই সুন্দর করে বললেন "আপনাদের জন্য পছন্দের গানগুলো গাইবো। আপনারা তো ইংরেজী মাধ্যমে পড়াশুনা করেন, নিশ্চয় ইংরেজী গান বেশী পছন্দ। আমাদের হিট গানের পাশাপাশি আজ আমরা অনেক কভার সং ও করবো"।
এর পরের ৩-৪ ঘন্টা কোন দিক দিয়ে গেল টের ও পেলাম না। উপরে উল্লিখিত ইংরেজী গানসমূহ ছাড়াও আরো বেশ কিছু বিখ্যাত গান ও এল আর বি ব্যান্ড এর বেশিরভাগ হিট গান গেয়ে ফেললেন বাচ্চু ভাই, তেমন কোন ব্রেক না নিয়েই।

শো এর শেষ গান "সেই তুমি" উনাকে গাইতেই হোল না প্রায়, হল ভর্তি নতুন পুরাতন ব্যবসায় প্রশাসনের ছাত্ররা গেয়ে গেল পুরো গানটা। ওয়ান মোর ওয়ান মোর রব তোলাতে গিটারের মূর্ছনায় ও ফেরারী মন এর করুন সুরে হল ভরে গেল কিছুক্ষনের মধ্যেও।
গান শেষে সবার চোখে পানি। এমন আবেগ খুব বেশি অনুভব করিনি জীবনে।বাসায় ফেরার পথে সারাক্ষণ কানে বাজছিল সেই গানগুলি। এরপরেও এলআরবির অন্য আরো অনেক শো দেখেছি, কিন্তু এরকম হৃদয়স্পর্শী পারফরম্যান্স আর দেখিনি।
আফসোস, বড় ক্ষণজন্মা ছিলেন উনি। উনার কাছে আমাদের যেই ঋণ, তা কখনোই শোধ করতে পারিনি আমরা। একদিকে উপভোগ করেছি উনার গান, আর আরেকদিকে তাকে দিয়েছি গালি, আর করেছি তার চরিত্র হানি। আল্লাহ উনার আত্না কে শান্তিতে রাখুন। আমিন।

(বহুদিন আগের স্মৃতি। কিছু ডিটেইলস এদিক ওদিক হয়ে থাকতে পারে)

Saturday, October 06, 2018

Beirut Diary 8

আগেরদিন রাতেই একজন ট্যাক্সি চালকের সাথে কথা বলে রেখেছিলাম। পূর্ব কথা অনুযায়ী সে তার ছোটখাট নিসান সেডান গাড়ীটি নিয়ে সকাল সকাল আমার এপার্টমেন্ট এ হাজির হয়েছিল। আমি বলেছিলাম ৯ টায় আসতে, কিন্তু অলস আমার নামতে নামতে ৯ঃ৩০ বেজে গেল। হাস্যমুখী চালক এর কাছে সরি বলা শেষ করতে না করতেই সে প্রবল বেগে মাথা নাড়তে নাড়তে "নো প্রব্লেম, নো প্রব্লেম" বলতে লাগলো।

জেইতা গ্রটো বৈরুত থেকে ১৮ কিলোমিটার দূরে। শহর থেকে বের হয়ে সুন্দর একটা রাস্তা ধরে যেতে হয়। আমার সাথে একটা পয়েন্ট এন্ড শুট সনি ক্যামেরা ছিল। সম্ভবত ৮ মেগাপিক্সেল এর। বছর দুয়েক আগে দুবাই এয়ারপোর্ট থেকে কেনা।

সে যুগে মোবাইলে খুব ভাল ক্যামেরা থাকতো না; আমার নোকিয়া 6230 মোবাইল টিতে ভিজিএ ক্যামেরা ছিল, যা সুন্দর ছবি তোলার জন্য যথেষ্ঠ ছিল না।

যেতে যেতে আমি প্রচুর ছবি তুলছিলাম। ট্যাক্সি ড্রাইভার ব্যাপারটা লক্ষ্য করে বেশ মজা পাচ্ছিল। সে নিজেই কয়েকবার গাড়ী থামিয়ে আমাকে বলেছিল "Take photo here, good view". আমিও তার নির্দেশনা অনুযায়ী ছবি তুলে নিলাম বেশ কিছু।

শহুরে ট্রাফিক জ্যাম এর কারণে প্রায় ঘন্টা খানিক লাগলো ওখানে পৌছাতে। মাঝের ছবি তোলার বিরতী গুলো তো ছিলই।

দু'টি আলাদা আলাদা চুনাপাথরের গুহা নিয়েই জেইতা গ্রটো। সম্মিলিত যার দৈর্ঘ্য প্রায় ৯ কিলোমিটার এর মত।

টুরিস্ট দের জন্য দু'টি অংশ খোলা--একটি "আপার গ্যালারী", আর আরেকটি "লোয়ার কেইভস"। গেটের ঠিক বাইরেই বেশ আগ্রহউদ্দিপক একটি শ্বেত শুভ্র মূর্তি স্থাপনা দেখা যায়।

সময়ের প্রহরী বা "গার্ডিয়ান অফ টাইম" নামক এই সুবিশাল মূর্তিটির উচ্চতা ৬.৬ মিটার এবং ওজন প্রায় ৬৫ টন। মূর্তিটি দেখে আমার সত্যি সত্যি গায়ে কাটা দিয়েছিল, মনে হচ্ছিল যেন সিনেমার স্ক্রিণ থেকে বের হয়ে এসেছে কোন প্রহরী।

গ্রটোর ভেতরে যাতায়াত এর জন্য রয়েছে রেলগাড়ী সার্ভিস, এবং এছাড়াও টুরিস্ট দের মনোরঞ্জনের জন্য স্যুভেনির শপ, রেস্তোরাঁ, ইত্যাদি সুবিধাও রয়েছে। রেলগাড়ীটা অনেকটা শিশু পার্ক এর রেলগাড়ীর মত, তবে আরো বড় এবং মজবুত প্রকৃতির।

আপার গ্যালারী জায়গাটাকে খুব বিশেষ কিছু মনে হয়নি। গুহার মধ্যে বিভিন্ন আকৃতির বড় বড় পাথর। পুরো জায়গাটি অবিচ্ছিন্ন, কিন্তু কোথাও কোথাও যাত্রাপথ সরু হয়ে ফটকের মত হয়ে গিয়েছে, যার কারণে মনে হয় ছোট ছোট ঘরে ভাগ করা জায়গাটি।বর্ণনার সুবিধার্থে ঘরই বলি। 

একেক ঘরের দেয়ালের চেহারা একেক রকম। কোনটায় সাদা সাদা, কোনটায় হলদেটে, আবার কোনটা লালচে রঙের পাথরে ভর্তি। বেশ বৈচিত্রময় ব্যাপার স্যাপার।

পনের জন করে একেকটি গ্রুপ এর সাথে একজন করে গাইড ছিল। আমার মত একাকী আর তেমন কেউ আসেনি, সবাই আত্নীয় বন্ধু নিয়েই এসেছে উইকেন্ড কাটাতে। এ কারণে আমাকে কেউ খুব একটা গ্রাহ্য করছিল না, আর আমিও তাদের কথায় খুব একটা কর্ণপাত করছিলাম না। আমি "অনেকের মাঝে একা" মোডে ভালই ছিলাম।

প্রথমে গাইড সবার উদ্দেশ্যে জিজ্ঞেস করেছিল "এখানে কি সবাই আরবী পারেন?"। আমি একমাত্র না বোধক ইশারা দেয়ায় সে এবং আমার বাকি ১৪ জন সংগী (!) যারপরনাই বিরক্ত হয়েছিল। এই একটা ব্যাপার আমাকে একাধারে মুগ্ধ এবং অবাক করতো। একজনও আরবী না জানা মানুষ থাকলেও গাইড দের ওপর কড়া নির্দেশনা ছিল তারা যেন মাতৃভাষা ব্যবহার না করে।

যথারীতি বিশেষ আরবীয় এক্সেন্ট সহযোগে গাইড এর ইংরেজী বচন অল্পক্ষণ শুনেই আগ্রহ হারিয়েছিলাম। কোন পাদ্রী কবে পা ফস্কে পড়ে গিয়ে এই গুহা আবিষ্কার করেছিল, সেই ইতিহাস জেনে কি হবে? তারচেয়ে মন ভরে আশে পাশের অপরুপ দৃশ্য গুলয় মনে গেথে নেয়াই শ্রেয় মনে করলাম।

হঠাত সবাই থেমে গেল। আমি সামনের সুবেশী লেবানীজ রমণীর পায়ে পাড়া দিতে দিতে কোন মতে ব্রেক কষলাম। জিজ্ঞাসু নেত্রে গাইড এর দিকে চাইলাম। সে বল্ল "দিস ইজ দ্যা এনদ অফ যে রোড"। আমি বললাম "You mean?".

"Now you gotta get down and ride a boat".

এ পর্যায়ে একটা কথা বলে রাখা দরকার। আপার গ্যালারি তে ঢোকার আগেই আমার (এবং বাকি সবার) ক্যামেরা সমূহ বাজেয়াপ্ত করা হয়, এবং ধরিয়ে দেয়া হয় একটি করে টোকেন। আমি প্রতিবাদ করতে গেলে তারা বল্ল "তোমার ক্যামেরার ফ্ল্যাশ আমাদের জাতীয় সম্পদ এর ক্ষতি করবে। সুতরাং ক্যামেরা এলাউড না"। একই ধরণের ফাইজলামি আচরণ এর শিকার হয়েছিলাম কায়রো যাদুঘরে; চার বছর আগের তুতানখামেন এ







র স্বর্ণ খচিত মূখোশের সাথে ছবি তুলতে না পারার ক্ষত তখনো শুকায়নি--আর সেদিন আবার নতুন করে সেই ক্ষতস্থানে আঘাত পেলাম। জেইতা গ্রটোর গেট এর বাইরে তোলা কিছু ছবিই রয়ে গেল স্মৃতি হিসেবে।

সে যাই হোক, গাইডের কথা মত নৌকায় উঠলাম। নৌকা না বলে ভেলা বলাই ভাল। সবাইকে লাইফ জ্যাকেট দেয়া হল, এবং মনে করিয়ে দেয়া হল যে গুহার মদ্ধ্যে ছবি তোলা নিষেধ। মজার ব্যাপার হল যে কোন নৌকাতেই কোন মাঝি টাইপ লোকজন নেই। টুরিস্ট দের নিজেদেরই বৈঠা দিয়ে নৌকা চালিয়ে এক পাড় থেকে আরেক পাড়ে যেতে হবে।

গুহার ভেতরে বেশ অন্ধকার, কিন্তু তার মাঝে মাঝে হালকা কিছু কৃত্তিম আলোর ব্যবস্থা করা হয়েছে। পানিতে তেমন কোন স্রোত নেই। আমার নৌকাটিতে আরো ৪ জন উঠেছিল; আমরা সবাই বেশ উতসাহের সাথে বৈঠা ঠেলছিলাম, কিন্তু তবুও গতি বেশ মন্থর ছিল।

বৈঠা ছেড়ে চারপাশের দৃশ্যাবলীর দিকে মনোযোগ দিলাম। নৌকা চালানোয় আমার অনাগ্রহ দেখে একজন আরবী তে ইয়াল্লা ইয়াল্লা টাইপ কি জানি একটা বল্লো, কিন্তু আমি তাকে সম্পূর্ণরূপে অবজ্ঞা করলাম।সেও আমাকে আর ঘাটালো না।

নিজেকে মনে হচ্ছিল লর্ড অফ দ্যা রিংস সিনেমার কোন এক চরিত্র। সুপ্রাচিন এক গুহার মধ্যে দিয়ে নৌকা বেয়ে চলেছি, সাথে রয়েছে মহামূল্যবান রিং। সারাক্ষণ আশংকা, কখন পেছন থেকে আততায়ীরা হামলা করবে। অপার্থিব নিরবতা বলে একটি শব্দ সেদিনই মাথায় ঢুকে গিয়েছিল।

ছোটবেলায় ভূগোল বই তে পড়েছিলাম stalactite stalagmite শিলার কাহিনী। তখন নিরীহ ছিলাম, ছোট ছিলাম, শিলা শুনলে পাথরের কথাই মনে পড়তো, মনের মধ্যে বেজে উঠতো না কোন চটুল হিন্দী গানের লিরিক। সে যাই হোক, বিভিন্ন আকৃতি ও বয়সের শিলা দেখতে দেখতে এগুতে লাগলাম। কোনটার উপর আলো পড়লে রঙ বদলে যায়, আবার কোনটা দূর থেকে একরকম আবার কাছে গেলে অন্যরকম। বাস্তবিক, এরকম কোন দৃশ্যের সাথে আমার এর আগে পরিচয় হয় নি।

হঠাত অনেক আলো এসে চোখ ধাধিয়ে দিল। সাথে অনেক মানুষের কোলাহল। পথের হল শেষ। নৌকা থেকে নেমে জানতে পারলাম যে চাইলে আবার একই পথে ফিরে যাওয়া সম্ভব, অথবা এদিক দিয়ে বের হয়ে সরাসরি ট্যাক্সি স্ট্যান্ডেও চলে যাওয়া যায়।

ততক্ষণে শরীরে নেই এনার্জী, খুধাও লেগেছে বেশ। টোকেন ফেরত দিয়ে ক্যামেরা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে একই ট্যাক্সিযোগে বাসার দিকে রউনা দিলাম। বাসায় গিয়েই খাবারের উপর ঝাপিয়ে পড়ার ইরাদা।

(চলবে)